খুলনায় গত রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি পয়েন্টে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এ ঘটনায় নগরীর তিন থানায় রুজু করা তিনটি মামলায় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবি রয়েছেন। তাকে নগর ভবন থেকে গোয়েন্দা পুলিশ আটকের পর খুলনা থানায় হস্তান্তর করে। এছাড়া খালিশপুর থানায় ৭ জন, হরিণটানা থানায় ২২ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জন গ্রেফতার হয়েছেন।
সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব বলেন, রোববার খুলনায় কয়েক জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার ব্যাপারে খালিশপুর, হরিণটানা ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এই সব মামলায় গতকাল দুপুর ২টা পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও অভিযান চালাচ্ছে। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। তবে তিন মামলায় কতোজনকে আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র না দেখে এ মুহূর্তে বলতে পারছি না।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারের তালিকায় উল্লেখযোগ্যরা হলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম, শিরোমনির ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নুর ইসলাম ও কৃষক লীগের সভাপতি মো: আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য মো: রকিবুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো: ওয়ালিদ হাসান ইমন।