বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সীমান্ত দিয়ে ভারত বিভিন্ন লোকজনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করছে। এ কাজটি দ্রুত বন্ধ হওয়া উচিত। বাংলাদেশে পুশ ইনের ঘটনা যাতে আর একটিও না ঘটে। যদি ঘটে তাহলে আন্তর্জাতিক আদালতে তাদের (ভারত) বিরুদ্ধে মামলা করা দরকার।’

শনিবার (১৭ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। একই সাথে যারা অপরাধী তাদের বিচার সম্পন্ন হওয়ার আগে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। বিচার প্রক্রিয়ায় অপরাধী প্রমাণিত হলে তাদের শাস্তি পেতেই হবে এবং নিরপরাধ হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘অন্যায়ভাবে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে বসবাস করছে। যা একটি বড় ধরনের অপরাধ এবং এর সমাধান হওয়া উচিত। বাংলাদেশের ওপর দিয়ে অন্য কাউকে চলতে দিয়ে সাহায্যের জন্য করিডোরের নামে দেশকে ধ্বংসের হাতে তুলে দিয়ে আত্মাহুতিমূলক কোনো কর্মসূচি কখনোই বরদাস্ত করা হবে না। অনেকে মানবিক করিডোরের কথা বলে তাদের সহযোগিতা হবে বলছেন, কিন্তু ইতিহাস থেকে দেখা যায় অনেক লোক এ মানবিক সহযোগিতার কথা বলে উড়ে এসে জুড়ে বসেছেন। বণিকের বেশে এসে তারা শাসক বনে গেছেন।’

তিনি আরো বলেন, ‘ব্রিটিশরা ব্যবসা করতে এসেছিল তারপর তারা রাজদণ্ড হাতে নিয়ে নিলো। বহু জায়গায় এমনটা ঘটেছে। মানুষের উপকার করার জন্য যেকোনো কর্মসূচি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু এসব বিষয় স্পর্শকাতর। করিডোর করতে হলে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ও যত শ্রেণি-পেশার লোক আছে সবাইকে নিয়ে বসে আলোচনা করেই এটা করতে হবে। বিনা আলোচনায় এটাকে ছেড়ে দেয়া যাবে না।’

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ও টিম সদস্য আব্দুর রশিদ। সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।