কুমিল্লার দে‌বিদ্বারে একটি নির্জন পুকুরে ভাসমান এক তরুণীর (২০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

সোমবার বিকেলে গুনাইঘর (উত্তর) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রণপাগল গ্রা‌মের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য মতে, মনিরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক সামসুল হকের বাড়ির পুকুরপাড়ে কুকু‌রের ছুটাছু‌টি দেখ‌তে পে‌য়ে কৌতুহলবশত সে‌দি‌কে এগি‌য়ে যায় এবং পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর বিবস্ত্র ও গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর দে‌বিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা আরো বলেন, ‘তরুণীটি আমাদের এলাকার কেউ নন। আশপাশের কেউ তাকে চিনতেও পারেনি। তাছাড়া এলাকায় কো‌নো তরুণী নি‌খোঁজ আছেন ব‌লেও কেউ নি‌শ্চিত কর‌তে পা‌রেনি।’ তা‌দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তরুণীকে অপহরণ ক‌রে এনে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে।

ওসি ইলিয়াস জানান, তরুণীর লাশটি গলে যাওয়ায় চেহারা শনাক্তের উপায় নেই। এখন পর্যন্ত কেউ থানায় এসে লাশটির সন্ধ‌া‌ন বা পরিচয় শনাক্ত করেনি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।