নীলফামারী সদর উপজেলায় আগুন লেগে ১৮টি দোকানের মালামাল পুড়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে খোকাবাড়ি ইউনিয়নের মোনাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নীলফামারী ও খানসামা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানায় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, রাত ২টার দিকে বাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নীলফামারী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই বাজারের ওষুধ, মালামাল, কাপড়, কসমেটিকস, কম্পিউটার, চালের আড়তসহ ছোট বড় ১৮টি দোকানের মালামাল পুড়ে যায়। গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা দোকানের কোনো মালামাল বের করতে পারেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার নিয়ার উদ্দিন জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’