রাঙামাটি জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চার ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে সড়কে পড়ে।

একইসাথে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর জমা হওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে হালকা যানবাহন এবং পরবর্তী সময়ে বিকেল ৩টার দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

তিনি জানান, পরবর্তী সময়ে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাই-এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ-স্কাউটসের ১৫ জন নৌ রোভার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক সচল করার কার্যক্রমে অংশগ্রহণ করে।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন বলে জানান তিনি। বাসস