কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা হোসাইন আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেফতার হোসাইন পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। তিনি দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সিএনজি চালক সাব্বির (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মামা মো: নাজমুল হক ওই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। হোসাইন ছিলেন এ মামলার ৫৩ নম্বর আসামি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।