ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন বিজ্ঞানমেলা উপলক্ষে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে গবেষণা কার্যক্রমে অংশ নিচ্ছিল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে শিক্ষার্থীরা পানি ভেবে ভুলবশত দাহ্য পদার্থ ঢেলে দেয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন রোহান (১৫), সাকেরা আক্তার (১৩), ফারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪)। তাদের মধ্যে রোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ‘আহতদের কেউ অগ্নিদগ্ধ হয়নি। সবাই আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামতে গিয়ে আঘাত পেয়েছে। ঘটনার পরপরই বিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।’

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ‘আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।