ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজা ও পশ্চিম তীরে চলমান রক্তপাত ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে মিছিলকারীরা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মুবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী জেলা সেক্রেটারি জুনায়েদ হাসান, এইচ আরডি সম্পাদক রাফিউল হাসান বাপ্পি, কাজী সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রোকন উদ্দিন, জেলা শিবিরের সভাপতি হাসান মাহমুদ ও সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মী ছাড়াও স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও যুবকসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশ নেয়।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিক ও মানবিক পদক্ষেপ নেয়ার দাবি জানান।