গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজির ‘অপহরণ’ সংক্রান্ত ঘটনাটি প্রকৃতপক্ষে অপহরণ নয়- এমন তথ্য দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তদন্তে উঠে এসেছে, তিনি স্বেচ্ছায় নিজ বাসা ছেড়ে একা পঞ্চগড় গিয়েছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, টঙ্গী পূর্ব থানায় দায়ের করা মামলা নং-৫৪ (তারিখ ২৪ অক্টোবর ২০২৫) অনুযায়ী অভিযোগ করা হয়, অজ্ঞাত চার থেকে পাঁচজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে খতিবকে অপহরণ করেছে। তবে তদন্তে দেখা গেছে, ওই সময় এলাকায় কোনো অ্যাম্বুলেন্স চলাচলের প্রমাণ সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ২২ অক্টোবর সকালে মোহেববুল্লাহ মিয়াজি নিজ বাসা থেকে হাঁটতে বের হয়ে মাজুখান, মীরেরবাজার ও ভোগরা বাইপাস হয়ে ঢাকার গাবতলীতে পৌঁছান। পরে তিনি শ্যামলী পরিবহনের বাসে পঞ্চগড়গামী ই-১ সিটের টিকিট কেটে নিজেই যাত্রা শুরু করেন। যাত্রাপথে বগুড়ার শেরপুর থানার পেন্টাগন হোটেলে নামাজের জন্য নেমে আবার বাসে ওঠেন- এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পঞ্চগড়ে পৌঁছে তিনি ‘অসুস্থ’ হয়ে পড়লে স্থানীয়রা তাকে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ‘ঘটনাটি এখনো তদন্তাধীন। ভিকটিম স্বেচ্ছায় গিয়েছেন, না কি কারো প্ররোচনায় গেছেন- তা যাচাই করা হচ্ছে।’

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মো: জাহিদ হোসন ভূঁইয়া, মো: মহিউদ্দিন আহমেদ ও এস এম শফিকুল ইসলাম।