গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়নে বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর খালাতো ননদের স্বামী আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় মামলা করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম থানায় একটি মামলা করেন।

‎অভিযুক্ত আতিকুর মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ভুক্তভোগীর জানান, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে তার স্বামী বাড়ির বাইরে গেলে সেই সুযোগে আতিকুর ঘরে প্রবেশ করেন। পরে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‎এ বিষয়ে অভিযুক্ত আতিকুরের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি এবং আগে বিষয়টি জানতাম না। তারা কি উদ্যোগ নিয়েছেন, সেটিও আমার জানা নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

‎সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান এ বিষয়ে বলেন, ‘এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’