খুলনায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে আজহারুল (১৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) সকালে ডুমুরিয়া থানাধীন ঝিলেরডাঙ্গা নিঝুমপুরে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে বলে জানা গেছে। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকে ইটবোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় পৌঁছালে একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকচালককে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’