নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৫০) ও আজিজার হক (৫৫) নামে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মরহুম ওছির আলীর ছেলে এবং আজিজুল হক একই এলাকার মরহুম আফসের আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমি মাপ দিয়ে দেখা যায় গাছটি লালচানদের সীমানার মধ্যে পড়ে। সাইফুল ইসলাম গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভাদ সৃষ্টি হয়।

এ ঘটনায় সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০ থেকে ২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে তার উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরো আট থেকে ১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে সম্ভবত আরো দুই থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের এখনো থানায় আনা হয়নি। ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।