খুলনার কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে ঘুষ গ্রহণের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় স্পেশাল জজ মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
হাবিবুল্লাহ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হন এস এম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এস এম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।