মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শম্ভুক সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের ডাসার থানার সাহেবের হাটের শিকদার কান্দি এলাকার আ: মন্নান শিকদারের ছেলে মো: জাহিদ শিকদার (৩৪) ও মহন শিকদারের ছেলে জহির (৩০)।
প্রত্যক্ষদর্শী মাসুম আহমেদ জানান, মোটরসাইকেল নিয়ে শিবচর এলাকায় ঘুরতে বের হন ওই যুবকেরা। পরে সন্ধ্যায় বেপরোয়া গতিতে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ সময় সাথে থাকা চারজন গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’