খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১ জনকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালে যৌথবাহিনীর সাথে গোলাগুলিতে তিন পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) রাতে সন্ত্রাসীদের ডেরায় অবিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখান থেকে বেশ কয়েকটি অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার হয়েছে।
গ্রেফতাররা হলেন মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্নান শেখের ছেলে শেখ পলাশ, ডালমিল রোড এলাকার রুবেল ওরফে কালা লাভলু, বানরগাতি এলাকার সৈকত রহমান, একই এলাকার মহিদুল ইসলাম ও গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার আরিফুল, মুসলমানপাড়া এলাকার মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার ইমরানুজ্জামান, নিরালার ইমরান, পশ্চিম বানিয়াখামারের রিপন ও রূপসা বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন।
গ্রেফতার শেখ পলাশ ও অন্যদের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ অনেক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একনলা শর্টগান, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ কয়েকরাউন্ড গুলিসহ সাতটি মোটরসাইকেল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আজম খান জানান, গতকাল রাত ১২টার দিকে খবর পাওয়া যায়, নগরীর বানরগাতি এলাকায় গাড়িচালক মো: আব্দুর রহমান গাজীর বাড়িতে কিছু সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশ যৌথবাহিনীর সমন্বয়ে সেখানে অভিযান শুরু করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয় এবং অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে চারজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযানকালে তিন পুলিশসদস্যসহ একজন নৌবাহিনীর সদস্য আহত হন বলেও জানান তিনি।